দীর্ঘদিন অবহেলিত থাকা বাংলাদেশ রেলওয়েকে যুগোপযোগী ও আধুনিকায়নের উদ্যোগ সরকার নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘এর অংশ হিসেবে সারা দেশের রেলের উন্নয়ন, প্লাটফর্ম উঁচু করা, শেড নির্মাণ, স্টেশন ভবন উন্নয়ন ও নারী যাত্রীদের জন্য ওয়েটিং রুম নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।’
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে নাটোর রেল স্টেশনে মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশকে যখন এগিয়ে নিতে নিরলস কাজ করছে, তখন দেশ বিরোধীরা নানা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে পেছনে নিতে চায়।’ এসব ষড়যন্ত্র রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
নাটোর স্টেশনের যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনী ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল ও রেলওয়ে সচিব সেলিম রেজা।









