পাবনায় ওয়ার্কার্স পার্টির অঙ্গসংগঠন জাতীয় কৃষক সমিতির নেতা আব্দুর রশিদ (৩৫)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চাচকিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ ওই গ্রামের মৃত বাহাদুর প্রামানিকের ছেলে। তিনি আটঘরিয়া উপজেলা জাতীয় কৃষক সমিতির সহ-সভাপতি ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন জানান, গত কয়েকদিন ধরে চরমপন্থিরা বিভিন্ন ভাবে আব্দুর রশিদকে হত্যার হুমকি দিচ্ছিল। আজ হঠাৎ রাত ৯ টার দিকে বাড়ির সামনে কয়েকজন দূর্বৃত্ত তার উপর অতর্কিত ভাবে হামলা করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।
ওই গ্রামের বাসিন্দা ও ডেঙ্গারগ্রাম কলেজের প্রভাষক কোরবান আলী বলেন, এই এলাকাটি চরমপন্থি অধ্যুষিত এলাকা। প্রায়ই এই এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। মূলত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কেউ কোনও কথা বলতে পারে না। সন্ত্রাসীদের কাছে জিম্মী অবস্থায় আমাদের বাস করতে হয়।
পাবনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের গ্রেফতার দাবি করেছেন।
/এসএম/








