রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বিজয়নগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আব্দুস সালাম (৬০) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩৫)। তাদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শ্বশুরবাড়ি। সেখান থেকে রাতে ছেলের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান।
ইব্রাহীমকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।









