রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ওপর থেকে মাথায় ইট পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকের নাম নাজিম উদ্দিন (৫০)। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাড়ায়িল গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচতলা ভবনের নির্মাণকাজ চলছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজ চলাকালে ওপর থেকে নাজিমের মাথায় ইট পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রুহুল আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের নির্মাণকাজ করার সময় ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা। তবে কাজ করার সময় সাবধানতায় কিছু ঘাটতি ছিল। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে দায়িত্বরত প্রকৌশলীকে বলা হয়েছে। পাশাপাশি ওই মৃত শ্রমিকের ক্ষতি পূরণের জন্যও বলা হয়েছে।









