বগুড়ায় ট্রেনের ধাক্কায় আতাউর রহমান (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে শহরের চেলোপাড়া রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত আতাউর রহমান বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশকুটা গ্রামের হাসান আলীর ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ব্যক্তিগত কোনও কাজ শেষে শহরের চেলোপাড়ায় রেল সেতু দিয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় তিনি সেতুর নিচে পড়ে মারা যান। বুধবার সকালে লোকজন সেখানে লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেন।
এসআই আমিনুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ের বোনাপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।








