রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও দুই জন মারা গেছেন। একই সঙ্গে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় রাজশাহী ও মেহেরপুরের দুই জন মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর আরও একজন। তাদের দুই জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। অন্যজন মারা গেছেন ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়। এই তিন জনের মধ্যে দুই জন পুরুষ। দুই জনেরই বয়স ৬১ বছরের ওপরে। অন্যজন নারী। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
এদিকে, রোগীর চাপ বাড়ায় রামেক করোনা ইউনিটের আরও ৪৪টি সাধারণ শয্যা বাড়ানো হয়েছে। ১০৪ থেকে বেড়ে এই ইউনিটের শয্যা এখন ১৪৬টি। বুধবার সকাল ৯টা পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৪৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুই জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয় জন। হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের সাত জন, নওগাঁর তিন জন, নাটোরের তিন জন, পাবনার দুজন, কুষ্টিয়ার চার জন এবং গাইবান্ধার একজন ভর্তি রয়েছেন।
অন্যদিকে, রাজশাহী জেলায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাজশাহী জেলার ৫২৬ জনের করোনার নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। হিসাবে মঙ্গলবার রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ। মঙ্গলবার রাতে রাজশাহীর দুটি পিসিআর ল্যাব থেকে পাঠানো পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (৩১ জানুয়ারি) রাজশাহী জেলায় ৬৪১ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৫২ দশমিক ২৭ শতাংশ। হিসাব অনুযায়ী, একদিনের ব্যবধানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
মঙ্গলবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাব থেকে পাঠানো পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে রাজশাহীর ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জন (৩৬ দশমিক ৮৮ শতাংশ) এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে রাজশাহী জেলার ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের (৫২ দশমিক ৪০ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে। জয়পুরহাটের ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জন (২৫ শতাংশ) করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বিদেশফেরত ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের (৩২ দশমিক ৮৮ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।









