রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই জনেরই বাড়ি বড়কুঠি এলাকায়। দুই জনেই অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতরা হলো- বড়কুঠি এলাকায় সারিক আলীর ছেলে নিরব (১৫) ও সায়েদ আলীর ছেলে শাহিন (১৬)। এর মধ্যে নিরব রাজশাহী লোকনাথ স্কুলের এবং শাহিন রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তারা দুই জনই বন্ধু।
বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বড় কুঠির কাছে পদ্মা নদীতে নিরব, শাহিন ও সাজেদ এই তিন বন্ধুসহ ৮/১০ জন গোসল করছিল। এদের মধ্যে হঠাৎ সাজেদ পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে যায় নিরব ও শাহিন। এ সময় সাজেদকে উদ্ধার করে তারা দুই জন পানিতে ডুবে যায়। সাজেদ পাড়ে উঠে আসে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে নিরব ও শাহিনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা তিন জনের কেউ সাঁতার জানে না বলে ওসি জানান।








