নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান (৩৫)। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন বলেন, একটি যাত্রীবাহী বাস পত্নীতলা থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী এলাকায় পৌঁছালে বদলগাছী থেকে যাওয়া একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ সময় বাসটি রাস্তার পাশে আমগাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন বাসের ১৫ যাত্রী। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে নওগাঁ সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।









