নাটোরে এক মাদক ব্যবসায়ীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক বড়াইগ্রাম উপজেলার চরগোবিন্দপুর এলাকার শহীদুল্লাহর ছেলে। নাটোর কোর্ট ইন্সপেক্টর নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের অক্টোবর মাসে বড়াইগ্রাম উপজেলার বাগডোব এলাকায় ১০০ পিস ইয়াবা এবং ১০ গ্রাম হেরোইনসহ ওমর ফারুককে আটক করে পুলিশ। ওই ঘটনায় এসআই মামুন হোসেন বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ওমর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সাক্ষী ও দুই পক্ষের যুক্তিতর্কের শেষে বুধবার ওমর ফারুককে ওই দণ্ডাদেশ দেন আদালত।









