আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ইসমাইল হোসেন (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইসমাইল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মো.আলাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মেহেনুর বাদী হয়ে সদর মডেল থানায় ২০/২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে ইসমাইলকে কিছু লোক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করে ফেলে চলে যায়। রবিবার সকালে ইসমাইলের লাশ দশরশিয়া বেলদারপাড়া গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিপুর সঙ্গে প্রতিপক্ষ আরেক আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিনের লোকদের সঙ্গে বিরোধ চলে আসছিল। ইসমাইল এলাকায় জসিম উদ্দিনের পক্ষের কর্মী বলে পরিচিত। এরই জেরে এ খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, তদন্তে আসল তথ্য বেরিয়ে আসবে। ইসমাইলকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন অংশে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে, এ ঘটনায় সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ওয়ারিছ আলী মিয়া।
/এসএম/








