বগুড়ায় মেয়ে কল্পনা আকতারের মৃত্যুশোক সহ্য করতে না পেরে বৃদ্ধা মা সাহারা খাতুন টুনি (৭৪) মারা গেছেন। বুধবার (১১ মে) শহরের নারুলী মধ্যপাড়ার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহারা খাতুনের ভাই বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোস্তম আলী এ তথ্য জানান।
পরিবারের সদস্যরা জানান, সাহারা খাতুন টুনি বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ার মৃত সালেক উদ্দিনের স্ত্রী। তিনি বগুড়া সদর আসনে জাতীয় পার্টির সাবেক এমপি ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমরের বোন।
সাহারা খাতুনের মেয়ে কল্পনা আকতারের বিয়ে হয়েছিল শেরপুরে। তার স্বামীর নাম আবদুল লতিফ। কল্পনা বেশ কিছুদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত রোজার ঈদের মধ্যে তিনি মা সাহারা খাতুনকে দেখে গেছেন। গত মঙ্গলবার বিকালে কল্পনা আকতার মারা যান। প্রিয় মেয়ের মৃত্যুর খবর শুনে মা সাহারা খাতুনও অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার নারুলী মধ্যপাড়ার বাড়িতে তিনি মারা যান। এক বছর আগে তার মেজো মেয়ে ছবি খাতুনকে হারিয়ে বৃদ্ধা সাহারা খাতুন টুনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বাদ আসর নারুলী মধ্যপাড়ায় বুধা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জানাজার পর নারুলী কবরস্থানে তাকে দাফন করা হয়।









