তরুণীর আপত্তিকর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অপরাধে নওগাঁর মোহন আলী নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল তাকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করে, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ঈশরাত আরা। দণ্ডপ্রাপ্ত মোহনের বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের জুন মাসে একই এলাকার এক তরুণীর আপত্তিকর ভিডিও তৈরি করে মোহন এবং তার সহযোগীরা। কম্পিউটারের সহায়তায় ভিডিও তৈরি করে ব্লটুথ ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকের মোবাইল ফোনে তা ছড়িয়ে দেওয়া হয়। এতে ভুক্তভোগী তরুণী আত্মহত্যার চেষ্টা করে।
এ ঘটনায় ওই বছরের ১৯ জুলাই তরুণীর বাবা বদলগাছী থানায় দুই জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে মোহন আলীকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।









