নাটোর শহরের লালবাজার স্বর্ণপট্টি এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে গোপাল দাস (৩১) নামের ওই যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মানলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফ ও সদর থানার ওসি নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত গোপাল নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণচৗকির পাড়ের মৃত প্রদীপ দাসের ছেলে।
অভিযোগের বরাতে এসআই আরিফ জানান, সোমবার সন্ধ্যায় ওই এলাকায় পারিবারিক অনুষ্ঠান চলছিল। গোপালও ওই আয়োজনে অংশ নেয়। এক সময় কড়াই আনতে সে প্রতিবেশী ভিকটিমের বাসায় যায়৷ ওই সময় ওই বাসায় ভিকটিম ছাড়া কেউ ছিল না। ওই সুযোগে সে গৃহবধূকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয় সে। পরে স্বামী ও পরিবারের অন্য সদস্যরা বাড়ি ফিরলে গৃহবধূ বিষয়টি জানান। এরপর ওই রাতেই সদর থানায়, গোপাল দাসকে আসামি করে একটি মামলা দায়ের করেন গৃহবধূ। মামলা দায়েরের পর রাতেই আসামিকে গ্রেফতার করা হয়।









