খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সুযোগসন্ধানী একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় নওগাঁ শহরের কালীতলা শ্রী শ্রী বড়মাতার পূজামণ্ডপ চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘সব ধর্মই কল্যাণের কথা বলে, অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন। অসাম্প্রদায়িক চেতনার দল আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালন করা যায়।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবার প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে।’
নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার ও সহ-সভাপতি রনজিত সরকার প্রমুখ।








