বগুড়া শহরের কালিতলা হাটে একই সময়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ সমাবেশ ডাকায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল এই বিধিনিষেধ আরোপ করেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কালিতলা হাট ও তৎসংলগ্ন ৫০০ গজ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জানা গেছে, বিএনপি বগুড়া পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ড শাখা শুক্রবার বিকাল ৩টায় কালিতলা হাটে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। একই সময়ে একই স্থানে বগুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগ ও যুবলীগ প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এতে উভয় দলের নেতাকর্মীদের মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানান। একই সময় ও একই স্থানে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনজীবনের স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে শহরের কালিতলা হাট ও আশপাশের এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখা অপরিহার্য। এর পরিপ্রেক্ষিতে সদর উপজেলা ইউএনও সমর কুমার পাল ১৪৪ ধারা জারি করেন।
এই সময় ওই এলাকায় সব প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোঁটা বহন ও একসঙ্গে চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা পরিপন্থি সব অবৈধ কার্যক্রম নিষিদ্ধ করেন। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ওসি সেলিম রেজা জানান, কালিতলা হাট ও তৎসংলগ্ন এলাকায় যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।









