রাজশাহীতে পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানায় মামলাটি করেন বোয়ালিয়া থানার এসআই আরিফ হোসেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল দুপুরে রাজশাহী নগরীতে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। মিছিল থেকে ছোড়া ইট-পাটকেলে দুই পুলিশ সদস্য আহত হন। তারা হলেন—রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জামায়াতের নেতাকর্মীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত
হামলার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়। তবে হামলার পর পরই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। রাতে অভিযান চালিয়ে পুলিশ জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করে। পুলিশের ওপর হামলার ঘটনায় তাদের আসামি করা হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের মধ্যে এজাহারনামীয় দুই জনসহ আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।








