জয়পুরহাটে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিফ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের সবমেন্ট ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।।
আলিফ সদর উপজেলার শান্তিনগর মহল্লার আল আমিনের ছেলে। তিনি আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে নতুন হাট থেকে গরুবাহী একটি ভটভটি ছেড়ে আসে। মোটরসাইকেলে বিপরীত দিক থেকে আসছিলেন আলিফ। শহরের সবমেন্ট ফ্যাক্টরির সামনে ভটিভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান আলিফ। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি সড়কের ওপর লাশ পড়ে আছে। যানজট নিরসন করে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ভটভটি জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ বা মামলা হয়নি।









