দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মহল্লায় যমুনা নদীর শহর রক্ষাবাঁধ হার্ড পয়েন্ট তীরে মোনাজাত শুরু হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজত পরিচালনা করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) বাদ ফজর আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। জেলা তাবলিগ জামায়াত (নিজাম উদ্দিন অনুসারী) এই ইজতেমার আয়োজন করে। এতে জেলা প্রশাসনের সহযোগিতায় মুসুল্লিদের স্বেচ্ছাশ্রমে ইজতেমাস্থল প্রস্তুত হয়।
ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসেন মুসল্লিরা। এতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।
তাবলিগ জামায়াতের জেলা ফয়সাল সূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জানান, ‘আমিন, আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান ও আশপাশের বিভিন্ন স্থান মুখর হয়ে ওঠে। এছাড়া ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথি ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নাতের কথা আলোচনা করেন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, সুন্দর পরিবেশে তিন দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।









