সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে একটি অবিস্ফোরিত ৮২ এমএম মর্টার শেল পাওয়া গেছে। রবিবার দুপুরে পুর্নিমাগাতী ইউনিয়নের চরাইমুড়ী গ্রামের কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের বাড়ি থেকে এই মর্টার শেলটি উদ্ধার করা হয়।
মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী এটি ফেলে গিয়েছিল বলে র্যাব ও পুলিশের ধারণা। পরে এটি অবিস্ফোরিত অবস্থায় কালের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে।
র্যাব-১২ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) ইলিয়াস আলীর নেতৃত্বে বোমা ডিসপজাল ইউনিট সদস্যরা শেলটি উদ্ধার করেন।
উল্লাপাড়া থানার সেকেন্ড অফিসার আসলাম উদ্দিন বিশ্বাস জানান, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের হেলাল সরকারের কাছ থেকে একটি বাটুল গাছ কেনেন আমজাদ হোসেন। রবিবার সকালে গাছ কাটার সময় মাটির নিচে ওই বস্তুটি পান তিনি। মূল্যবান জিনিস ভেবে তিনি বস্তুটি বাড়িতে নিয়ে আসেন। কিন্তু হঠাৎ বারুদের গন্ধ পাওয়ায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র্যাব এসে বস্তুটি উদ্ধার করে থানার নিয়ে আসে। বর্তমানে সেটি বালি ভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে।
/বিটি/ এএইচ/আপ-এআর/








