সিরাজগঞ্জের তিন উপজেলায় অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী খানসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপি যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী খান, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেস হোসেন, যুবদল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা নাঈম হোসেন, উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন যুবদল নেতা বুলবুল ইসলাম, বাঙ্গালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, সলপ ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও ব্রহ্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিএনপি নেতা লিয়াকত আলী নিয়মিত মামলার আসামি। বাকিদের নামে একাধিক মামলা রয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দায়ের করা বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন হোসেনকে গ্রেফতার করা হয় ও ১৫১ ধারায় গ্রেফতার করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনকে।
এ বিষয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রাকে সামনে রেখে পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এ ঘটনার নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’









