কুষ্টিয়ায় দৌলতপুরে আগুনে পুড়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইবোন হলো দিঘলকান্দি গ্রামের দুখু মণ্ডলের মেয়ে সোনিয়া (৭) এবং উর্মিলা (২)।
স্থানীয় দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বাবলু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকালে দিঘলকান্দি গ্রামের দুখু মণ্ডলের স্ত্রী রান্না করছিল। এ সময় রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শিশু দুটি ভয়ে ঘরের মধ্যে লুকাতে গেলে আগুনে পুড়ে মারা যায় তারা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুইটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দিঘলকান্দি গ্রামের দুখু মণ্ডলের স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়লে দুখু মন্ডলের দুই কন্যা শিশু সোনিয়া ও উর্মিলা পুড়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।









