রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।
রবিবার (২১ মে) দুপুরে নগরের মালোপাড়ায় মহানগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গত শুক্রবার পুঠিয়ায় বিএনপির জনসভা শেষ করে রাজশাহীতে ফেরার পথে দলের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের মুক্তির দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মহানগর বিএনপি।
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনও নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয় উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, ‘সিটিগুলোতে ভোট ডাকাতি এবং প্রহসনের নির্বাচন হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন এবং নির্বাচন কমিশন ভেঙে দিয়ে সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে।’
দলের কেউ নির্বাচনে অংশ নিলে বিএনপির রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না জানিয়েছে মিনু আরও বলেন, ‘রাজশাহীতে নির্বাচনে বিএনপির কোনও নেতাকর্মী যদি অংশ নেন, তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। জনগণের সামনে তাদের জবাবদিহি করতে হবে। আমি আশা করছি, বিএনপির কেউ নির্বাচনে অংশ নেবেন না। অনেকে না করার ঘোষণা দিয়েছেন। যারা অংশ নেবেন, তারা বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাবেন।’
পুঠিয়ার জনসভা থেকে ফেরার পথে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি চেয়ে মিনু বলেন, ‘১৯ মে পুঠিয়া উপজেলার শিবপুরের জনসভা শেষ করে বাড়িতে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এভাবে বিনা কারণে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করে গ্রেফতার সব নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় রাজশাহী থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ও নগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ প্রমুখ।








