বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক নারীসহ ছয় জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন মঙ্গলবার (২৩ মে) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় জন হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর শাখার সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম রুবেল, স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আব্দুল জলিল খন্দকারের সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার।
এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘আগামী ২৫ মে মনোনয়নপত্র বাছাই, ২৬-২৮ মে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২৯-৩১ মে আপিল নিষ্পত্তি, ১ জুন প্রার্থিতা প্রত্যাহার, ২ জুন প্রতীক বরাদ্দ এবং ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভা নির্বাচনে ১৬ হাজার ৭৬ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার আট হাজার পাঁচ ও নারী ভোটার আট হাজার ৭১ জন।









