রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ভোটকেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৪১ জন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়েছে ৩৫টি। যা মোট ভোটার সংখ্যার ১ দশমিক ৯ শতাংশ।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার অনিরুদ্ধ সরকার এ তথ্য জানান। তিনি বলেন, ‘সকাল থেকেই এ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিল। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় মোট ৩৫টি ভোট পড়েছে। এ কেন্দ্রে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ভোট দেন। তবে আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।’
রাজশাহী সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন, হিজড়া ৬ জন। ভোটকেন্দ্র ১৫৫টি এবং ভোটকক্ষ ১ হাজার ১৫৩টি।
মেয়র পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা); জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল); ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম (হাতপাখা) এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার (গোলাপ ফুল)। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।









