বগুড়ায় বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে বগুড়ার শেরপুরের মির্জাপুর মদনপুর গ্রামে র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের বাসা থেকে ২০ গ্রাম হেরোইন, তিনটি সিসি ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে শেরপুর থানায় মামলা হয়েছে। র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর এএফএম আজমল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মাদক ব্যবসায়ী দম্পতিরা হলেন- বগুড়ার শেরপুরের মদন গ্রামের মজিবর রহমান মজনু (৪৫) ও তার স্ত্রী সেলিনা বেগম (৪০)।
মেজর এএফএম আজমল হোসেন জানান, মজনু ও সেলিনা দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বাড়িতে অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গতিবিধি লক্ষ্য করতো। পাশাপাশি ২৪ ঘণ্টা চালু রাখা মনিটরে মাদক ক্রেতাদের প্রতিও নজরদারি করা হতো। সোমবার রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মজিবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের বাহিরে স্থাপন করা তিনটি সিসি ক্যামেরা, ঘর থেকে একটি ৩২ ইঞ্চি এলইডি মনিটর, একটি কন্ট্রোলার, দুই লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির এক লাখ ৮৩ হাজার ৮২০ টাকা এবং একটি হাওয়াই এনএফসি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আজমল হোসেন আরও জানান, সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা করায় মজিবরের স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করা হয়। মজিবরের বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব ক্যাম্পের ডিউটি অফিসার এসআই শাহীন জানান, এ দম্পতি দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে। এ ব্যাপারে র্যাবের পক্ষে শেরপুর থানায় মামলা হয়েছে।
/এআর/টিএন/আপ-এআর/








