প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে করা মামলায় কারাগারে থাকা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত পদযাত্রার শেষে এক বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মিনু বলেন, ‘পুলিশের কিছু কিছু অতিউৎসাহী কর্মকর্তা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে। আমার ভাই, রাজশাহীর গৌরব আবু সাইদ চাঁদ সহজ সরল, সবসময় সত্য কথাই বলে। পদ্মা ব্রিজ থেকে খালেদা জিয়া ও নোবেলজয়ী ড. ইউনূসকে ফেলতে চাইলেন- তখন কিছু হলো না। আর আজকে আবু সাঈদ চাঁদ একটা বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতার করা হলো। তার মেয়ে, নাতনি, জামাইসহ সবাইকে কী একটা দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে। আমরা প্রতিরোধ করতে পারতাম। কিন্তু আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিষেধ করায় করিনি। নদীর সমস্ত স্রোত যেমন সাগরে মিশে, এই অবৈধ সরকারকে জনতার স্রোতে দেশ ছেড়ে চলে যেতে হবে।’
মিনু বলেন, ‘আবু সাঈদ চাঁদের পদত্যাগ চাওয়া হয়েছে- কিন্তু তিনি বড় নেতা হয়ে গেছেন। তিনি এখন আর ইউনিয়নের চেয়ারম্যান নেই, ওই উপজেলার চেয়ারম্যান নেই, জেলার সভাপতি তাও নেই, উনি (চাঁদ) এখন জাতীয় বীর হয়ে গেছেন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রুচি বিকৃত হয়ে গেছে। পদযাত্রার মাধ্যমে এই সরকারকে ধুলায় লুটিয়ে দিতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা। এর আগে, নগরীর ভুবন মোহন পার্ক এলাকা থেকে পদযাত্রা শুরু করে বিএনপি। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে অনুষ্ঠিত হয়।









