অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মারুফ আল্লাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী শামসাদ বেগম মিতালী বলেন, ‘আদালত আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য দুই আসামিকে খালাস দিয়েছেন। এই মামলার অভিযোগের সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত ছিলেন না। রায়ের বিরুদ্ধে আপিল করবো আমরা।’
মামলার এজাহার থেকে জানা যায়, আবু সাঈদ চাঁদ তার দুই সহযোগীকে নিয়ে ২০০৪ সালে চারঘাট উপজেলার বামনদীঘিতে চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের সভাপতি হন আবু সাঈদ চাঁদ। আর প্রধান শিক্ষক হন আলিম উদ্দিন। প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার নামে ২০০৭ সালে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তোলেন মাসুদ রানা নামের এক চাকরিপ্রার্থী। পরে মামলা করেন তিনি।
মামলায় অভিযোগ আনা হয়, প্রতিষ্ঠানে নিয়োগের আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছেন আবু সাঈদ চাঁদসহ অন্যরা। মাসুদ রানাকে নিয়োগ দেওয়া হলেও তার বেতন হয়নি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, প্রতিষ্ঠানের অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে ভুয়া নিয়োগপত্র দিয়েছেন। কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। ওই সময় চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
এদিকে, প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেফতার হয়ে গত কয়েক মাস ধরে কারাগারে রয়েছেন আবু সাঈদ চাঁদ। রবিবার প্রতারণার মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল। রায় ঘোষণার পর আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।









