নাটোরের সিংড়ায় পরকীয়ার জের ধরে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। রবিবার সকালে একটি পুকুর থেকে জনাব আলীর (৬০) বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জনাব আলী সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি মহল্লার জসমত আলীর ছেলে। এ ঘটনায় সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সোহাগবাড়ী গ্রামের জুলহাস ওরফে হরুর স্ত্রী রীতা বেগমর (৩৫) সঙ্গে পার্শ্ববর্তী জনাব আলীর পরকীয়া সর্ম্পক ছিল। বৃহস্পতিবার রাতে জনাব আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় জনাব আলীর পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। শনিবার সন্ধ্যায় পুলিশ রীতা বেগমকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে রীতার দেওয়া তথ্য মতে রাতেই ডুবুরি দল নিয়ে পুকুরে অনুসন্ধান চালানো হয়। লাশের কোনও খোঁজ না পেয়ে রবিবার সকালে স্থানীয় ৪০-৪৫ জন লোক পুকুরে নেমে আবার খোঁজ করে। এক পর্যায়ে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে তারা ।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, জনাব আলীকে হত্যার বিষয়টি রীতা বেগম স্বীকার করেছেন। জনাব আলীকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দী করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে জানান রীতা। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জনাব আলীর ছেলে আকরাম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে অন্যকেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
/জেবি/ এএইচ/আপ-এআর/








