রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
মৃত ভারতীয় নাগরিকের নাম পবিত্র সিংহ (৪০)। তিনি ভারতের মালদা জেলার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামে তার বাড়ি। তার বাবার নাম মৃত হরি গোপাল সিংহ।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি রুহুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে নগরীর লক্ষ্মীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
ওসি আরও জানান, পবিত্র সিংহের রাতেই লাশ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক তাই লাশ হস্তান্তর করতে সময় লাগবে। আইনি ব্যবস্থাও নেওয়া হবে।









