হত্যা ও বিস্ফোরক বহন মামলায় নাটোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল আলম আবুল ব্যাপারীকে জেলে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। আবুল ব্যাপারী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক।
নাটোর জজকোর্টের পিপি অ্যাড. সিরাজুল ইসলাম জানান, আবুল ব্যাপারী সোমবার দুপুরে মামলায় হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত জাতীয় শোক দিবসে ৪০ দিনের কর্মসূচীর অংশ হিসেবে গত বছরের ২৯ আগস্ট নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা, পৌর ও সদর আওয়ামী লীগ। সমাবেশে যোগ দিতে শহরতলীর তেবাড়িয়া এলাকা থেকে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা মিছিলসহ তেবাড়িয়া হাট এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে গুলি চালায়। এসময় উভয়পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে। গোলাগুলির এক পর্যায়ে যুবলীগকর্মী, শহরের হুগোল বাড়িয়া এলাকার রাজীব হোসেন ও নাজমুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজিবের মৃত্যু হয়।
এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দস তালুকদার দুলু ও আবুল ব্যাপারীসহ ৫৫জনের নাম উল্লেখ করে মোট ১০০ জনকে অভিযুক্ত করে দুটি মামলা দায়ের করা হয়।
/এআর/টিএন/








