বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘৭ জানুয়ারির সংসদ নির্বাচন একতরফা নির্বাচন। দেশবাসী এই নির্বাচন বর্জন করেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো আমরা।’
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে মালোপাড়ার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় সব ওয়ার্ডে ভোট বর্জনের লিফলেট বিতরণ করার জন্য দলীয় নেতৃবৃন্দের হাতে লিফলেট তুলে দেন তিনি। সেইসঙ্গে নিজে উপস্থিত থেকে নেতাকর্মীদের সঙ্গে সাহেব বাজার স্বর্ণ পট্টি থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে নগরীর বিভিন্ন মার্কেটের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
কেন্দ্রে ভোটার নয়, জীবজন্তু ঘুরবে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘এই সরকারের সময় শেষ। যে কোনও সময়ে ঢলে পড়বে। কারণ বিনাভোটের সরকারের পায়ের তলায় মাটি নেই। পিঠ বাঁচাতে নির্বাচন করার পাঁয়তারা করছে। বিএনপি ও সমমনা দলগুলোর সব নেতাকর্মীর জীবন থাকা পর্যন্ত এই নির্বাচন হতে দেবে না। বাকশালী এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরবে না।’
পৃথিবীর ইতিহাসে ডামি কোনও নির্বাচন কোনোদিন হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন করতে গিয়ে এই সরকার দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বাস-ট্রাক ও ট্রেনে নিজেরাই আগুন দিয়ে বিএনপি ও সমমনা দলগুলোর ওপরে দোষ চাপাচ্ছে। ২৮ অক্টোবরের পর থেকে সারা দেশে বিএনপির প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে; যা এখনও অব্যাহত আছে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহীতে এ পর্যন্ত আড়াই হাজার নেতাকর্মীকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে এই সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত। এছাড়া প্রতিদিন নেতাকর্মীদের আটক অব্যাহত রেখেছে। আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই আমরা।’
বিএনপির মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।









