বগুড়ার শাজাহানপুরে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে আবদুল লতিফ (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে তিনি পেছন থেকে রাস্তায় পড়ে যান।
পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, নিহত পুলিশ কনস্টেবল আবদুল লতিফ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া শিকার এলাকার ঈমান আলীর ছেলে। তিনি বগুড়া পুলিশ লাইনসে বেতার বিভাগের কর্মরত ছিলেন। পরিবার নিয়ে শহরের চকলোকমান এলাকায় বসবাস করতেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আবদুল লতিফ মোটরসাইকেলে পেট্রোল ভরার জন্য বনানী এলাকার পাম্পে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ সময় ছেলে মেজবাহ উদ্দিন গালিব মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথিমধ্যে সরকারি শাহ সুলতান কলেজ এলাকায় পৌঁছলে রাস্তায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে গালিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেন। এতে লতিফ মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান।
পথচারীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে সদর থানা পুলিশ আইন মোতাবেক কাজ করবেন।









