বগুড়ায় অবৈধভাবে গ্যাস ব্যবহার, মিটার টেম্পারিং ও বিল বকেয়া থাকায় দুটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার বিকালে অভিযান চালিয়ে আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ভিজিল্যান্স টিম। শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া গ্র্যান্ড হোটেলের কারখানায় অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই অতিরিক্ত গ্যাস সরঞ্জামাদি ব্যবহারসহ ২২ লাখ টাকার গ্যাস বিল বকেয়া পায় ভিজিল্যান্স টিমের সদস্যরা।
কর্মকর্তারা জানান,গত ১০ ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বাধা দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি ৬ লাখ টাকা জরিমানা করা হয়। শর্ত ভঙ্গ করে কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার অব্যাহত রাখায় বুধবার বিকালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
অন্যদিকে শহরতলীর ঝোপগাড়িতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের দোয়েল সিএনজি ফিলিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিরাজগঞ্জের নলকা কার্যালয়ের ব্যবস্থাপক শৈলজানন্দ বসাকের নেতৃত্বে ভিজিল্যান্স টিমের সদস্যরা মঙ্গলবার দুপুরে এই অভিযান চালায়।
তবে আওয়ামী লীগ নেতা গ্যাস চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, অন্যায়ভাবে তার প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এ ব্যাপারে পিজিসিএল বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক (সেলস) প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, প্রতিষ্ঠান দুটি মিটার টেম্পারিং করে অতিরিক্ত গ্যাস ব্যবহার করেছে কিনা তা নির্ধারণে প্রধান কার্যালয়ের কিউসি ল্যাবে মিটারগুলো পরীক্ষা করা হবে। এছাড়া হিসাব করার পর তাদের জরিমানা করা হবে। জরিমানার টাকা পরিশোধ করলে পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন সাপেক্ষে পুনরায় সংযোগ দেওয়া হবে।
/জেবি/ এএইচ/








