উপজেলার নিজবলাইল ও খোর্দ্দবলাইল গ্রোয়েনের মাঝামাঝি যমুনার চর থেকে অজ্ঞাত অন্তঃসত্তা তরুণীর (২৭) গলায় ফাঁস পরানো ও হাত বাঁধা লাশ উদ্ধার করেছে বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশ। শুক্রবার বিকালে লাশটি উদ্ধার করা হয়। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহায়েদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, শুক্রবার বিকাল ৩টার দিকে তরুণীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।ওই তরুণীর সঙ্গে কারও পরকীয়া প্রেমের সম্পর্ক থাকতে পারে। চার-পাঁচ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ায় প্রেমিকই হয়ত তাকে ওই চরে কৌশলে এনে শ্বাসরোধে হত্যা করেছে। এ ব্যাপারে সারিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে ওসি জানান। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।
/এইচকে/এআর/








