ডা. রোমানাকে বাঁচানো গেলো না

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০২৪, ২০:৪৩আপডেট : ২১ জুন ২০২৪, ২০:৪৩

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. রোমানা শারমিন রূম্পা (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (২১ জুন) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় নিজ বাড়িতে আনা হয়েছে।

ডা. রোমানা শারমিন বৃন্দাবনপাড়ার মৃত আবদুল কাউয়ুমের একমাত্র মেয়ে। তিনি বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) পদে কর্মরত ছিলেন। তার স্বামী গাইবান্ধার গোবিন্দগঞ্জের ডা. সাজেদুল ইসলাম সুজন বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। তাদের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েসন্তান আছে। 

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডা. রোমানা পরিবার নিয়ে বৃন্দাবনপাড়ার বাবার বাড়িতে থাকতেন। ১৯ জুন রাত আড়াইটার দিকে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকালে হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে ডিএমপির গুলশান বিভাগের ভাটারা থানা থেকে জানানো হয়, অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে অসুস্থ ডা. রোমানা শারমিন রূম্পা মারা গেছেন। খবর পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই হামিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বজন ও চিকিৎসকরা বলেছেন, আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যা কেন করেছেন, তা আমাদের জানানো হয়নি।’

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মাকারিয়াস দাস বলেন, ‘প্রাথমিক তদন্তে ডা. রূম্পার আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. রোমানা গত চার বছর এখানে সহকারী রেজিস্ট্রার (সার্জারি) হিসেবে কর্মরত ছিলেন। সর্বদা হাসিখুশি ও কাজে মনোযোগী ছিলেন। দম্পত্য জীবনেও সুখী ছিলেন। আত্মহত্যার কোনও কারণ ছিল না। তবে পরিবার থেকে চাচাতো ভাই জানিয়েছেন, তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে ঠিকমতো পড়াশোনা করতো না। মেয়েকে শাসন করা নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়। এতে অভিমান করেই অতিরিক্ত ঘুমের ট্যাবলেট, ডায়াবেটিস ও অন্যান্য ওষুধ সেবন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেলো না।’ 

ডা. কাজল আরও বলেন, ‘তার মৃত্যুতে শুধু পরিবারে নয়; আমাদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। লাশ বগুড়ায় পৌঁছার পর শুক্রবার রাতে মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে জানাজা হবে। শনিবার সকাল ৮টায় শহরের বৃন্দাবনপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি