ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। দেড় মাস পর থানার পাশের পুকুরের পানি সেচ দিয়ে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র দুটি উদ্ধার করে যৌথ বাহিনী।
যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া ওই অস্ত্র দুটির একটি চাইনিজ রাইফেল, অন্যটি শটগান। এ ছাড়া পানি সেচে একটি গ্যাস সেল, একটি ওয়্যারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রগুলো লুট করার পর পুকুরে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা।
সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ-আল-আমীন বলেন, যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানা সংলগ্ন পুকুর সেচ দিয়ে দুটি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার
করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও ৯টি অস্ত্র এবং ৯১১টি বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার হয়নি। সেগুলো উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। এ সময় কমপক্ষে ১৬টি অস্ত্র ও সহস্রধিক গোলাবারুদ লুট করা হয়। ওই দিন দুর্বৃত্তদের হামলায় ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনার ২০ দিন পর স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করে। তবে এখনও ওই মামলার কোনও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ।









