রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, ‘নগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে বিপুল কুমারকে বিস্ফোরক মামলায় রবিবার ভোর ৪টার দিকে গ্রেফতার করা হয়েছে। বিপুল রাসিকের স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী হিসেবে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে কাজ করেছেন।’
এদিকে, আরএমপির মিডিয়া উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহলে রানা (৩২), মো. তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো. আল মামুন (৫১), মো. শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো. শরিফুল ইসলাম (৪০) ও মো. গোলাম মোস্তফা (৬০)। সোহেল কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল শাহমখদুম থানার ভুগরইল গ্রামের বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড় বনগ্রাম শেখপাড়ার আলম সরকারের ছেলে, শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে ও গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে। শনিবার রাতে বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। রবিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।









