নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে বসবাসের ছয়টি ঘর। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিজা কায়েস মোল্লার নাতনি। তার বাবার নাম আলতাফ হোসেন।
ঘটনার বিষয়ে শিশুর বাবা আলতাফ হোসেন বলেন, ‘আমরা এক বাড়িতে বসবাস করি। বাড়িতে আগুন দেখে আমি নেভানোর চেষ্টা করতে থাকি। আমার স্ত্রী লোকজন ডাকাডাকি করতে থাকে। এরই মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়লে আর সন্তানকে উদ্ধার করতে পারি নাই।’
তিনি আরও বলেন, ‘আমার একমাত্র সন্তানকে আগুন কেড়ে নিলো। এখন আমি কীভাবে বাঁচবো?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, ‘উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে তার ছয় কক্ষবিশিষ্ট দালানঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়া শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’








