রাজশাহীতে উচ্চমাধ্যমিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) শিক্ষক-কর্মকর্তারা আজ বৃহস্পতিবার পৌনে চার ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। প্রতিষ্ঠানের ফটকে পাশের টিচার্স ট্রেনিং (টিটি) কলেজের শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এইচএসটিটিআই ফটকের সামনে চত্বর বানানোকে কেন্দ্র করে ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে পৌনে চার ঘণ্টা পর রাজশাহী শিক্ষা বোর্ডের সচিবসহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান ঘটনাস্থলে যান। তাদের মধ্যস্থতায় বিকাল পৌনে চারটায় শিক্ষার্থীরা তালা খুলে দেন।
এইচএসটিটিআই সূত্রে জানা গেছে, এইচএসটিটিআইয়ের শিক্ষার্থীদের সমাবেশ করানোর আলাদা মাঠ নেই। তাদের কার্যালয় ভবনের সামনে শিক্ষার্থীদের সমাবেশ করানো হয়। জায়গাটি নিচু। বর্ষার সময় পানি জমে। এ জন্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের মাধ্যমে জায়গাটি পাকা করে উঁচু করার কাজ শুরু করা হয়েছিল; কিন্তু সেখানে উঁচু করলে টিটি কলেজের সামনে জলাবদ্ধতা তৈরি হবে অভিযোগ তুলে আজ মিস্ত্রিদের কাজ করতে নিষেধ করে টিটি কলেজের কর্মচারীরা। পরে টিটি কলেজের শিক্ষকেরা এসে কাজ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে টিটি কলেজের শিক্ষার্থীরা এসে এইচএসটিটিআইর ফটকে তালা ঝুলিয়ে দেন। টিটি কলেজের ফটক দিয়ে এইচএসটিটিআইয়ে ঢুকতে হয়। ওই ফটকেও শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিলে তারা অবরুদ্ধ হয়ে পড়েন।
টিটি কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী খান বলেন, ‘একটা ঘটনা ঘটেছিল। তারা পরস্পরের মধ্যে আলোচনা করে মিটিয়ে ফেলেছেন। ওই জায়গা যেভাবে উঁচু করা হচ্ছে, সেভাবে করলে টিটি কলেজের ফটকের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হবে। কাজটা সমন্বয় করে করা দরকার ছিল। তারা সেটি করেননি। শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা এসেছিলেন। তিনি বিষয়টি বুঝেছেন। তিনি বলেন, তাদের সম্মান শ্রেণির শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। টিটি কলেজের মাঠে ইচ্ছা করলে এইচএসটিটিআইর শিক্ষার্থীদের পিটি করানো যায়।’
এইচএসটিটিআইর অধ্যক্ষ মো. ওয়াহেদুল কবির সুহার্দী বলেন, ‘দুটিই সরকারি প্রতিষ্ঠান। তারা শিক্ষা প্রকৌশল অধিদফতরকে দিয়ে প্রাক্কলন করে কাজটি করাতে শুরু করেছিলেন। কাজের কারণে টিটি কলেজের কোনো অসুবিধা হওয়ার কথা নয়।’









