রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পছন্দমতো কেন্দ্র পাননি অনেকে, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

রাজশাহী প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ০৯:২৯আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৯:২৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবার পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সুবিধার জন্য এই পদ্ধতি চালু করা হলেও কারও কারও জন্য তা ভোগান্তিতে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী চূড়ান্ত আবেদনে যেখানে কেন্দ্র চয়েজ দিয়েছেন, সেখানে আসেনি। দূরবর্তী স্থানে কেন্দ্র আসায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কথা হয় চাহিদামতো কেন্দ্র না আসা কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন কাজের প্রতিবাদ জানিয়ে তারা বলছেন, রংপুরের শিক্ষার্থীদের এখন চট্টগ্রাম গিয়ে পরীক্ষা দিতে হবে, রাজশাহীর শিক্ষার্থীদের যেতে হবে খুলনা! এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নিম্নবিত্ত শিক্ষার্থীরা। যাদের আর্থিক সামর্থ্য কম, তাদের অনেকেই হয়তো পরীক্ষা দিতেই পারবে না। বিশেষ করে মেয়েদের জন্য দূরবর্তী কেন্দ্রে যাওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী শুধু এই অব্যবস্থাপনার কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যেখানে সুবিধা হওয়ার কথা, সেখানে উল্টো অসুবিধা তৈরি করা হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

স্বজন রায় নামে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাতিজা সেন্টার দিয়েছিল রংপুরে। কিন্তু তার অ্যাডমিট কার্ডে এসেছে চট্টগ্রাম। ঠাকুরগাঁও থেকে এখন চট্টগ্রাম যাওয়া ভোগান্তির থেকেও বড় কিছু।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের বাড়ি জামালপুর। আমার ছোট ভাই রাজশাহীতে সেন্টার চয়েজ দিয়েছিল। কিন্তু অ্যাডমিট কার্ডে তার সেন্টার উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম।’

এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুসারে শুধু বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভর্তি পরীক্ষা নিতে হবে। এক্ষেত্রে সমস্যা যেটা হয়েছে, যে প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার আসন কম, সেখানে বেশি আবেদন করেছে। আবার যেখানে সিট বেশি, সেখানে কম আবেদন করেছে। তাই মেরিট অনুসারে সিটপ্ল্যান করা হয়েছে। ফলে এই সমস্যা হয়েছে। তা ছাড়া এক শিফটে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে বিকল্পব্যবস্থা নেওয়া খুবই কঠিন। পরবর্তীতে বিষয়টি মাথায় রেখে কাজ করা হবে।’

সার্বিক ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক উপউপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, ‘বিষয়টি জেনেছি। আইসিটি সেন্টারে পরিচালকের সঙ্গে কথা বলে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’

আইসিটি সেন্টারের তথ্যমতে, এ বছর এ, বি, সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ৯৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৪২ হাজার ৪৩৩, ‘সি’ ইউনিটে ৯৮ হাজার ৮২০ জন চূড়ান্ত আবেদন করেছেন। তবে অভিন্ন পরীক্ষার্থী সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৯৪ জন। পাঁচ বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি।

এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার ৭০০টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্রণী স্কুলে শুধু ‘সি’ ইউনিটের জন্য অতিরিক্ত আসন ১ হাজার ৮০৮টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ২৬৩টি, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫০টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ৮০টি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ২০০টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৪১৯টি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩০০টি পরীক্ষা নেওয়ার আসন রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান