বগুড়ার শিবগঞ্জের রহবল হাজিপাড়া এলাকায় বিআরটিসির বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫জন। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ডিপো ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৭৪৮) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিবগঞ্জের রহবল হাজিপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পৌঁছে। সেখানে এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। তখন বিপরীত দিক থাকে আসা একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাকের সঙ্গে মুখোমুষি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার বাসযাত্রী নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। হাইওয়ে ও শিবগঞ্জ থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) ও ঠেঙ্গামারা রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়।
দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন মহাসড়কের ওপর থাকায় প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ৮টায় এ খবর পাঠানোর সময় পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি মাসুদ জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৫-৬ জন আহত হয়েছেন।
/এমএনএইচ/








