জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোল পূর্ণিমার মেলায় ৬টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার প্লাস্টিক ফার্নিচারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। জয়পুরহাট ও আক্কেলপুর থেকে দুটি ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস দাবি করেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান,শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মেলায় আল আমিন ফার্নিচারের দোকানে প্রথমে আগুন লাগে। পড়ে ওই আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী ক্রোমা বাজার, ফাহিম এন্টারপ্রাইজ, তালুকদার ফার্নিচারসহ আরও ৫টি দোকানের প্লাস্টিক সামগ্রীসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় দোকানে থাকা তিনটি মোটরসাইকেলও পুড়ে যায়। খবর পেয়ে রাত দু’টায় জয়পুরহাট ও আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফাহিম এন্টারপ্রাইজ এর দোকান কর্মচারী মিজানুর রহমান জানান,তারা কয়েকজন দোকানে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখে তারা হতভম্ব হয়ে যান। দোকান থেকে মালামাল সরানোর আগ মুহূর্তে আগুনে সব মালামাল পুড়ে যায়।
ক্রোমা বাজার ও ফাহিম এন্টারপ্রাইজ এর মালিক হাদিউতজ্জামান জানান, তার দুটি দোকানের ২৫ লাখ টাকার প্লাস্টিক ফার্নিচার আগুনে পুড়ে গেছে।
জয়পুরহাট ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জাহানুর ইসলাম জানান,রাত দু’টায় তারাসহ আক্কেলপুর ফায়ার সার্ভিস দল ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিভিয়েছে। আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। আল আমিন ফার্নিচারের দোকানে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে তিনি দাবি করেন।
/জেবি/








