বাংলা সাহিত্যে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ডক্টোরেট অব লিটারেচার (ডি. লিট) ডিগ্রি পাচ্ছেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪৬৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন দুই জনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাংলা সাহিত্যে এই দুইজনের অবদান শুধু দেশেই নয়, সারা বিশ্বে স্বীকৃত। দেশ-বিদেশ থেকে তারা নানা পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। তাদের অবদানের স্বীকৃতি ও সফলতা উদযাপনের অংশ হিসেবে ডি. লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন আরও জানান, আগামী সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই ডিগ্রি তুলে দেওয়া হবে। এতে সমাবর্তনও তাৎপর্যমণ্ডিত হবে।
হাসান আজিজুল হক ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে ¯স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। হাসান আজিজুল হক ১৯৯৯ সালে একুশে পদকে ভূষিত হন। অন্যদিকে কথাসাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৬৭ সালে বিএ এবং ১৯৬৮ সালে এমএ পাশ করেন। তার সাহিত্যকর্ম বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছেন।
/জেবি/








