বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে রিটার্নিং অফিসার আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন সরকারকে শোকজ করেছেন। বুধবার দুপুরে রিটার্নিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন হবে। গোপালনগর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন সরকার প্রচারণা চালাতে গিয়ে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তাই তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক উত্তর না পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোপালনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী গোলাম হোসেন সরকার সাংবাদিকদের জানান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী তার বিরুদ্ধে মিথ্যা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার তাকে শোকজ করেছেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের সন্তোষজনক জবাব দিবেন।
/জেবি/








