রাবি শিক্ষার্থীকে মারধরের পর স্টেশন ভাঙচুর: রেলওয়ে পুলিশের ৪ সদস্য বরখাস্ত

রাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রেললাইনে আগুন জ্বালিয়ে দেন এবং স্টেশনে গিয়ে সিসিটিভি, হেল্প ডেস্ক ও জানালার কাচে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হামলার শিকার হন রাবির ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যার কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পরে হাসপাতালে আইয়ুব আলীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।

উপাচার্য বলেন, ‘সংশ্লিষ্ট চিকিৎসকরা আইয়ুবকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমি ইতোমধ্যে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার এবং পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে (জিএম) জানিয়েছি। এর আগে দুই-তিনবার রাবি শিক্ষার্থীদের মারধর করেছেন রেল কর্মচারীরা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এদিকে, শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। তিনি এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এরপর রাত সাড়ে ১০টার দিকে রাবি রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এ সময় রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, ‘রেললাইন ও স্টেশনকে কেন্দ্র করে রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিইদের মাধ্যমে শিক্ষার্থীরা বারবার হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ এবং পুনরাবৃত্তি ঠেকাতেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। রাতের মধ্যে যদি এটার বিষয়ে কোনও সমাধান না আসে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে, আমরা এই আন্দোলনকে আরও কঠিনতর অবস্থায় নিয়ে যাবো।’

শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী শাখার চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকা সন্দেহে আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দীন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদত হোসেন। 

তবে চার সদস্যকে বরখাস্তের সিদ্ধান্তের পরও বিক্ষোভ থামেনি। প্রায় চার শতাধিক শিক্ষার্থী রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে তারা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় স্টেশনের সিসিটিভি, হেল্প ডেস্ক এবং জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের একটি অংশ পুলিশের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসার পর শিক্ষার্থীরা আমাদের কথা শুনেছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন আমাদের সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যেন নতুন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

/আইএএম/
সম্পর্কিত
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
সর্বশেষ খবর
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
পার্লার ছাড়াই ফিরুক পায়ের কোমলতা
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এশিয়ান গেমসে ২ হাজার অ্যাথলেটের জন্য কনটেইনার, মুগ্ধ আইওসি সভাপতি
এশিয়ান গেমসে ২ হাজার অ্যাথলেটের জন্য কনটেইনার, মুগ্ধ আইওসি সভাপতি
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
‘বিগ বসে’ যাওয়ার আগে যে শর্ত দিয়েছিলেন নোরা ফাতেহী
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের