প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজশাহী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৩:১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন সামনে রেখে রাজশাহী নগরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনসভাস্থল থেকে শুরু করে বিমানবন্দর হয়ে নগরে ঢোকার পথ বিভিন্ন এলাকায় সড়ক মেরামত, দেয়ালে রং ও চিত্রকর্ম আঁকা, পরিচ্ছন্নতা এবং ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। পাশাপাশি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চ তৈরিসহ সার্বিক আয়োজন এগিয়ে নেওয়া হচ্ছে।

আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম রাজশাহী সফর। এ উপলক্ষে গত কয়েক দিন ধরেই নগরে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

গত রবিবার (১৮ অক্টোবর) নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শাহ মখদুম বিমানবন্দর থেকে শহরে প্রবেশের সড়কগুলোতে সংস্কারকাজ চলছে। কোথাও নতুন করে পিচঢালাই দেওয়া হচ্ছে, কোথাও সড়ক বিভাজক ও রেলিংয়ে রং করা হচ্ছে। রেলগেট এলাকায় ফুটপাতের অবৈধ দখল সরানোর পাশাপাশি আশপাশের এলাকা পরিষ্কার করা হচ্ছে। মহিলা কলেজ সড়কে দেয়ালে চিত্রকর্ম আঁকতে দেখা যায়। সাহেববাজার এলাকাতেও ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে।

নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বাড়াতে কাজ করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এর আগে ৬ থেকে ৮ অক্টোবর দরিখরবোনা মোড় থেকে মালোপাড়া, সরকারি মহিলা কলেজ এলাকা, বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অন্যদিকে জনসভার মূল ভেন্যু ঐতিহাসিক মাদ্রাসা মাঠেও প্রস্তুতি চলছে। মাঠসংলগ্ন সড়ক সংস্কার করা হয়েছে। একই সঙ্গে জনসভার মঞ্চ তৈরি ও মাঠ পরিচ্ছন্ন করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান একাধিকবার মাদ্রাসা মাঠে গিয়ে প্রস্তুতির অগ্রগতি দেখেছেন। এ সময় তিনি পরিচ্ছন্নতা, দেয়ালে রং করা, সড়ক মেরামত ও মঞ্চ নির্মাণের কাজ পরিদর্শন করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গতকাল মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান। এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারাও মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীর মানুষের মধ্যে আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক। গতকাল দুপুরে মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শফিকুল হক বলেন, অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হলেও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের বিষয়েও তার কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে আশা করছেন এই সংসদ সদস্য। বিশেষ করে আখচাষিদের জন্য সহায়তার বিষয়টি তিনি উল্লেখ করেন।

সফরকালে রাজশাহীর উন্নয়নে কয়েকটি দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার পরিকল্পনার কথাও জানান শফিকুল হক। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা। এ ছাড়া একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও তুলে ধরার কথা জানান তিনি।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

/আরএইচ/
সম্পর্কিত
‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী পাকিস্তান
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
মাহফিলের অনুমতি না পেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমির হামজার, বললেন ‘হাসিনার সময়ও এমন হতো’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান