প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা

রাজশাহী প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ১৬:৩১ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৬:৩১

রাজশাহীতে পৌঁছেই আখচাষিদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভার মঞ্চে বসে ল্যাপটপের বাটন চেপে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ করেন তিনি। মুহূর্তেই কৃষকদের ব্যাংক হিসাবে পৌঁছে যায় প্রণোদনার অর্থ। টাকা জমা হওয়ার বার্তা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পান কৃষকরা।

জনসভার প্রথম পর্বে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘৩৮ হাজার ৯৭০ কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হলো।’ পরে দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।

প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৩টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোয় সফরসূচিতে পরিবর্তন এনে সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান। এতে বাদ পড়ে নগরীর গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি।

সফরসূচি অনুযায়ী, এ দিন দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল। এরপর রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির পর জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে দেরিতে পৌঁছানোর কারণে এসব কর্মসূচি বাতিল করে সরাসরি জনসভায় যান তিনি। 
ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি রাজশাহীর আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণেরও কর্মসূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তার যাত্রাপথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রঙ করার কাজ করা হয়েছে। দেয়ালে আঁকা হয়েছে চিত্র, মেরামত করা হয়েছে ড্রেন। বিভিন্ন ফুটপাত থেকে হকারদের সরিয়ে যাত্রাপথ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করা হয়। জনসভার জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তৈরি করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। গত কয়েক দিন বিএনপির নেতাকর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ তদারকি করেন।

জনসভা বিকালে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা জনসভাস্থলের দিকে আসেন। দুপুর আড়াইটার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ফয়জুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মামুন অর রশিদসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

এদিকে দলের নেতাকে একনজর দেখতে সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন হাজারো মানুষ। সবমিলিয়ে প্রধানমন্ত্রীকে একনজর দেখার প্রত্যাশায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে মানুষের ঢল নেমেছিল। পতাকা হাতে অপেক্ষমাণ মানুষের উচ্ছ্বাস আর নেতাকর্মীদের স্বাগত জানানোর পাশাপাশি রাজশাহীতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

/এফআর/
সম্পর্কিত
প্রথমবার কালো ধান চাষে চমক, বিঘায় আয় ৭২ হাজার টাকা
আলুতে গতবার লোকসান, এবার আশা নিয়ে আগেভাগেই মাঠে কৃষকরা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
সর্বশেষ খবর
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
নবরাত্রির সাজে কঙ্গনার রাজকীয় লুক, লেহেঙ্গার দাম ২ লক্ষাধিক
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
১২৬ বছরের ইতিহাস, ২৫ লাখ টাকার ৫২০ কেজির প্রতিমা, যেভাবে হয় বিসর্জন
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
ডেঙ্গু কেড়ে নিলো আরও পাঁচজনের প্রাণ, একদিনে হাসপাতালে ১৩৬৬
প্রথমবার লন্ডনে ব্যালন ডি’অর, উপস্থাপনায় অঁরি
প্রথমবার লন্ডনে ব্যালন ডি’অর, উপস্থাপনায় অঁরি
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের