আগাম ৩ মাসের সিট ভাড়া পরিশোধ না করলে শিক্ষার্থীদের জরিমানা করার বিধান রেখে নোটিশ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা। এমনকি কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে হল প্রভোস্টের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা।
বৃহসপতিবার বিকেলে এ স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, গত জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল চালুর পর প্রতি মাসে ২৫০ টাকা করে তিন মাসের আগাম ভাড়া পরিশোধ করতে বলে হল কর্তৃপক্ষ। প্রথম ধাপে গত জানুয়ারি মাসেই তিন মাসের ভাড়া আদায় করে হল প্রশাসন। দ্বিতীয় ধাপে ভাড়া আদায়ের জন্য গত ১৭ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু ওই সময়ে হলের অধিকাংশ শিক্ষার্থী ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হয়। ফলে প্রতি মাসে ৫০ টাকা হারে অতিরিক্ত ১৫০ টাকা জরিমানাসহ মোট ৯০০ টাকা পরিশোধে গত ২৫ এপ্রিল পর্যন্ত আবারও সময় বেধে দেয় হল প্রশাসন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তিন মাসের ভাড়া বাবদ অগ্রিম ভাড়া নেওয়ার কোনও যৌক্তিকতা নেই। এ অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক কমলেশ চন্দ্র রায় অভিযোগ স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
/এসএনএইচ/








