রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামে রুবাইয়া আখতার রিতু নামে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও কানের একাংশ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিকটিম রিতুর সহপাঠী আশরাফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, স্থানীয় ভেণ্ডাবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী রিতু রাতে প্রতিদিনের মতো ঘরে বসে লেখাপড়া করছিল। এসময় ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের ১৬ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত রিতু জানায়, জানালার পাশে বসে পড়ার সময় তার উপর এসিড নিক্ষেপ করা হয়। যারা তাকে এসিড মেরেছে তাদের সে চিনতে পারেনি। তবে আশরাফুল ইসলাম নামে তার এক সহপাঠীকে তার সন্দেহ হয় বলে জানিয়েছে সে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. এম এ হামিদ জানান, মেয়েটির মুখ ও কানের একটি অংশ ঝলসে গেছে। তার বাম চোখেও এসিড লেগেছে। চোখের অবস্থা সম্পর্কে চক্ষু বিশেষজ্ঞরা পরীক্ষা করে পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন: বাংলাদেশে রিলায়েন্স পাওয়ারের প্রথম দফার প্রকল্প অনুমোদন
/এমও/







