নীলফামারীর সৈয়দপুরে বিআরটিসি বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৪৮) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় রংপুর দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসের বসুনিয়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার প্রতিবাদে ওই সড়কে এক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়রা, বাসের চালক ও হেলপারকে আটক করেছে। বাসটিও ভাঙচুর করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জালাল উদ্দিন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিদ্দিকীয়া তেলিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন বাজার করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর থেকে রংপুরগামী একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেলুনের দোকানে ঢুকে পড়ে। তবে ভাগ্যক্রমে সেখানে কেউ হতাহত হয়নি।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে পণ্য কিনবে সৌদি আরব
/টিএন/আপ-এমও








